বুধবার ২১ অক্টোবর রাতে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে আটক হন সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি শেখ এহসান আহমদ উজ্জ্বল।বিমানবন্দর সূত্র জানায়, তিনি সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে একটি ফ্লাইটের যাত্রী ছিলেন। ইমিগ্রেশন পুলিশ তাকে শনাক্ত করে আটক করে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে বলে সুনামগঞ্জ সদর থানার ওসি মো. রতন শেখ নিশ্চিত করেছেন।
অন্যদিকে তার পরিবারের দাবি, মসজিদের ইমামের কাছ থেকে দোয়া নিয়ে তিনি ওমরাহ করতে যাচ্ছিলেন, ২ নভেম্বর ফেরার কথা ছিল।
অন্যদিকে আজ ২২ অক্টোবর তামাবিল ইমিগ্রেশনে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি কামাল আহমেদ চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় আটক হন।
জৈন্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, তার পাসপোর্ট ব্লক করা ছিল। তামাবিল পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে ১২টা ৫০ মিনিটে হেফাজতে নেয় এবং জৈন্তাপুর থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে থানায় ৪-৫টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এর আগেও ডিবির হাওর এলাকায় ভারতে পালানোর সময় জনতার হাতে আটক হয়েছিলেন তিনি। দুজনকেই সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।