ঢাকাSaturday , 14 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে হচ্ছে ১২০০ শয্যার হাসপাতাল, নির্মাণ হবে বিশেষায়িত শিশু হাসপাতালও

rising sylhet
rising sylhet
November 14, 2026 5:17 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেটের স্বাস্থ্যসেবা খাতে বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ১২০০ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণ, ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল প্রতিষ্ঠা এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালের কার্যক্রম দ্রুত চালুর উদ্যোগও রয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে ক্যান্সার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের সরকারি আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানান বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সিলেটের মানুষের জন্য উন্নত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতাল ও কমপ্লেক্সের কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি চালু হলে একসঙ্গে প্রায় ৪০০ থেকে ৪৫০ জন রোগী অতিরিক্ত চিকিৎসাসেবা পাবেন।

এ ছাড়া সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৫০ শয্যার একটি হাসপাতাল প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। আগামী জানুয়ারি থেকে প্রাথমিকভাবে বহির্বিভাগের চিকিৎসাসেবা চালুর প্রত্যাশা রয়েছে।

শিশুদের উন্নত চিকিৎসার সুযোগ বাড়াতে আগামী অর্থবছরের বাজেটে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। পাশাপাশি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ১২০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে।

মন্ত্রী বলেন, নতুন হাসপাতাল নির্মাণের পাশাপাশি বিদ্যমান চিকিৎসাপ্রতিষ্ঠানগুলোর সেবার মান বাড়ানোও জরুরি। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিদ্যমান অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করে চিকিৎসাসেবার পরিবেশ উন্নত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, অসুস্থ হওয়ার পর চিকিৎসা নেওয়ার চেয়ে রোগ প্রতিরোধে আগাম উদ্যোগ নেওয়া বেশি কার্যকর। তাই চিকিৎসাসেবার পাশাপাশি জনস্বাস্থ্য ও প্রতিরোধমূলক কর্মসূচির ওপর গুরুত্ব দিতে হবে।

ads

সিলেটে একদিনেই প্রাণ হারিয়েছে দুই শিশু

ক্যান্সার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এসব রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদি এবং ব্যয়বহুল। বিশেষ করে কিডনি রোগীদের নিয়মিত ডায়ালাইসিসের ব্যয় অনেক পরিবারের জন্য বড় চাপ তৈরি করে। সরকার থেকে দেওয়া এককালীন এক লাখ টাকা চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করতে না পারলেও রোগীদের জন্য এটি গুরুত্বপূর্ণ সহায়তা।

অনুষ্ঠানে জানানো হয়, সিলেট সদর উপজেলার ৪০ জন রোগীর ব্যাংক হিসাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে সরাসরি এক লাখ টাকা করে পাঠানো হচ্ছে। আগামী শুক্রবার সিলেট সিটি করপোরেশন এলাকার আরও ৫২ জন রোগীকে একই ধরনের সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবদুর রফিকসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সিলেটে চিকিৎসাসেবা খাতের বিভিন্ন অনিয়ম ও অসদুপায় বন্ধের দাবিতে প্রতিবাদ সভা

এর আগে মন্ত্রী খাদিমনগরের খাদিম পাম বাগানে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।