জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের সংগঠন “আমরা জুলাই যোদ্ধা” সিলেট জেলা শাখার উদ্যোগে আজ শুক্রবার (১০ জুলাই) বিকেল ৪টায় নগরীর আম্বরখানাস্থ হোটেল পলাশে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার শুরুতে গত ৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিত “আমরা জুলাই যোদ্ধা” কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও “২৪ জুলাই শহীদ পরিবার সোসাইটি” আয়োজিত অনুষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় জানানো হয়, ওই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও মন্ত্রীসভার অনেক সদস্য অংশগ্রহণ করেন।
এ সময় ওই কর্মসূচিতে সিলেট জেলা শাখার কমিটির সকল নেতৃবৃন্দের সক্রিয় অংশগ্রহণের জন্য সভা থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম ইমন, সাধারণ সম্পাদক আল মিরাজসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সংগঠনের সভাপতি আলাল আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব এম এ মতিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সিলেট জেলা শাখার সিনিয়র নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সংগঠনের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জুলাই আন্দোলনে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে দাঁড়ানো, যোদ্ধাদের চিকিৎসা সহায়তা এবং অন্যান্য কল্যাণমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল গেজেট বঞ্চিত জুলাই যোদ্ধাদের বিষয়টি। বক্তারা বলেন, অনেক প্রকৃত যোদ্ধা এখনো সরকারি গেজেটের অন্তর্ভুক্ত হতে পারেননি। তাই যাচাই-বাছাই করে তাদের তালিকা প্রণয়ন করে সরকারের কাছে জমা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভাপতির বক্তব্যে আলাল আহমদ বলেন, “জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। কোনো প্রকৃত যোদ্ধা যেন তার প্রাপ্য সম্মান ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন, সেটি নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।
সদস্য সচিব এম এ মতিন বলেন, “সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। খুব শিগগিরই জেলা ও উপজেলা পর্যায়ে পরিচিতি সভা ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের কার্যক্রম আরও বেগবান করা হবে।
এছাড়াও সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্য সংগ্রহ এবং কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সভা শেষে সকল জুলাই যোদ্ধার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।