পর্তুগাল অনূর্ধ্ব-১৭ জাতীয় দলে ডাক পেয়েছেন।ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর পথ ধরে আন্তর্জাতিক ফুটবলে আরও এক ধাপ এগিয়ে গেলেন তার বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র। প্রথমবারের মতো পর্তুগাল অনূর্ধ্ব-১৭ জাতীয় দলে ডাক পেয়েছেন ১৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। আগামী নভেম্বরে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব সামনে রেখে কোচ ফিলিপে রামোস ঘোষিত ২৩ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি।
পর্তুগালে ‘ক্রিস্তিয়ানিনহো’ নামে পরিচিত রোনালদো জুনিয়র বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরের যুব দলে খেলছেন। চলতি মৌসুমে ক্লাবটির হয়ে সাত ম্যাচে তিনটি গোল করেছেন তিনি।বয়সভিত্তিক ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই অনূর্ধ্ব-১৭ দলে সুযোগ পেয়েছেন রোনালদো-পুত্র। ২০২৫ সালের মে মাসে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তার। এরপর দেশটির বিভিন্ন বয়সভিত্তিক দলে ১৩ ম্যাচ খেলে করেছেন পাঁচ গোল।
অনূর্ধ্ব-১৫ দলের হয়ে চার ম্যাচে দুটি গোল করার পর অনূর্ধ্ব-১৬ দলে সুযোগ পান ক্রিশ্চিয়ানো জুনিয়র। সেখানেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। এই বয়সভিত্তিক দলের হয়ে নয় ম্যাচে করেছেন তিন গোল। এবার অনূর্ধ্ব-১৭ দলে জায়গা করে নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে নতুন অধ্যায়ের সূচনা করলেন তরুণ এই ফুটবলার।পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী বাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে তার তুলনা হওয়াটা স্বাভাবিক। তবে বাবার পরিচয়ের বাইরে নিজের যোগ্যতায় আলাদা অবস্থান তৈরি করাই এখন তার সামনে বড় চ্যালেঞ্জ। বয়সভিত্তিক ফুটবলে পারফরম্যান্সের মাধ্যমে সেই পথে এগিয়ে যাচ্ছেন তিনি।আল-নাসরের যুব দল থেকে পর্তুগালের বয়সভিত্তিক জাতীয় দলে রোনালদো জুনিয়রের এই অগ্রযাত্রায় নজর রাখছেন ফুটবলপ্রেমীরা।
ভবিষ্যতে প্রতিযোগিতামূলক ফুটবলে বাবা-ছেলেকে একই মাঠে একসঙ্গে দেখা যাবে কি না, তা নিয়েও সমর্থকদের আগ্রহ রয়েছে।এদিকে আগামী শুক্রবার পর্তুগালের জাতীয় দলের নতুন স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে। সেখানে আল-নাসরের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো জায়গা পান কি না, সেটিও জানার অপেক্ষায় রয়েছেন সমর্থকরা।