সিলেট প্রতিনিধি- সিলেটের বিশ্বনাথ পৌরশহরের কলেজ রোডের ডাকবাংলো ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। একই স্থান ও সময়ে দুটি পক্ষ কর্মসূচি ঘোষণা করায় সম্ভাব্য সংঘাত এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ বিন কাশেম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডাকবাংলো ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে। এ সময়ে ওই এলাকায় সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা কিংবা যেকোনো ধরনের গণজমায়েত করা যাবে না। একই সঙ্গে অস্ত্র, লাঠি বা বিস্ফোরক বহন নিষিদ্ধ করা হয়েছে। পাঁচ বা তার বেশি মানুষের জমায়েতও নিষিদ্ধ থাকবে। নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। শিল্প বস্ত্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৭ সেপ্টেম্বর জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে লামাকাজী ইউনিয়নের ভুরকী ও ইশবপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভুরকী গ্রামের ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়াসহ দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হন। ঘটনার পর উভয় পক্ষ থানায় পৃথক মামলা করে।
চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল ৩টায় ডাকবাংলো এলাকায় মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
সৌদি থেকে লাশ হয়ে দেশে ফিরলেন সিলেটের করিম-খালেদ
অন্যদিকে, মামলার প্রতিবাদ জানিয়ে একই স্থান ও সময়ে ‘উপজেলার সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে পাল্টা বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়।
একই সময়ে দুই পক্ষের কর্মসূচি ঘিরে মুখোমুখি অবস্থান ও সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়। জননিরাপত্তা এবং এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।