রাজনগর উপজেলার পূর্ব মশরিয়া এলাকায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনার ৮ দিন পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযুক্ত যুবক এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে ‘পলাতক’ দেখাচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
এতে নিরাপত্তারহীনতায় ভুগছেন ভুক্তভোগী নারী ও তার পরিবার, আর ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মাঝে।মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব মশরিয়া এলাকার বাসিন্দা মাহমুদ মিয়া (২৮) দীর্ঘদিন ধরে পাশের ঘরের বাসিন্দা ওই প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। গত ১২ সেপ্টেম্বর (শনিবার) দিবাগত রাত ৪টার দিকে ভুক্তভোগী নারী তার শিশুসন্তান ও ভাসুরের সন্তানকে (১০) নিয়ে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন।
এ সময় অভিযুক্ত মাহমুদ মিয়া ছাদ বেয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ওই নারীকে ধর্ষণ করে। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই মাহমুদ পালিয়ে যায়।পরদিন সকাল ৯টার দিকে তাকে রাজনগর থানায় নেওয়া হয় এবং বিকেলে পুলিশ প্রহরায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়।
এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে রাজনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ঘটনার পরও অভিযুক্ত মাহমুদ এলাকাতেই অবস্থান করছে। এ ছাড়া তার বিরুদ্ধে এলাকায় ইয়াবা ও গাজা সেবন এবং বিক্রির একাধিক অভিযোগ রয়েছে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে সে পলাতক রয়েছে।