ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ডিআই পিকআপ গাড়িসহ মো. রুকন মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর দুই সহযোগী পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ছাতক উপজেলার কৈতক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রুকন মিয়া ছাতক উপজেলার হরিষশ্বরন গ্রামের আব্দুল জলিলের ছেলে। পলাতক দুজন হলেন তাজ উদ্দিন (৩৩) ও শিপন মিয়া (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তফা কামালের নেতৃত্বে এসআই দেবাশীষ শর্মা সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কৈতক এলাকায় একটি সন্দেহজনক ডিআই পিকআপে তল্লাশি চালান। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুকন মিয়াকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তাঁর দুই সহযোগী পালিয়ে যান।
এ ঘটনায় এসআই দেবাশীষ শর্মা বাদী হয়ে গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক), ৩৮ ও ৪১ ধারায় ছাতক থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ২৫, তারিখ ১৪ নভেম্বর ২০২৬।
পুলিশ জানিয়েছে, আসামিকে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে। পলাতক অপর দুই আসামিকে গ্রেপ্তারের বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।