পরিচয়ের যেন শেষ নেই।কখনো সেনাবাহিনী, কখনো র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা! সেই পরিচয়েই ব্যবসায়ীদের ভয় দেখিয়ে আদায় করতেন চাঁদা। টাকা না পেলে মালামালসহ নিয়ে যেতেন ভ্যানগাড়ি। তবে শেষ রক্ষা হয়নি।
এবার পুলিশের জালে ধরা পড়েছেন ভুয়া সেনাবাহিনী ও র্যাব কর্মকর্তা মো. শহীদুল ইসলাম (৪৬)।বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৬টার দিকে নগরের চৌহাট্টা পয়েন্টে সরকারি আলিয়া মাদ্রাসার বাউন্ডারিসংলগ্ন যাত্রী ছাউনির সামনে থেকে তাঁকে আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।আটক ব্যক্তি মো. শহীদুল ইসলাম (৪৬)। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশমপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ জানায়, গত ৭ নভেম্বর সন্ধ্যায় চা, পান ও সিগারেট বিক্রেতা জুবেল আহমদের কাছে চাঁদা দাবি করেন শহীদুল। টাকা দিতে অস্বীকৃতি জানালে মালামালসহ তাঁর ভ্যানগাড়ি নিয়ে যান। পরে নগদ ২ হাজার ও বিকাশে দুই দফায় ৫ হাজার ১০০ টাকা পেয়ে ভ্যানগাড়িটি ফেরত দেন।এখানেই শেষ নয়। গত ১০ নভেম্বর রাতে তানভীর মিয়া নামে আরেক ব্যক্তির কাছ থেকে ১ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সর্বশেষ বৃহস্পতিবার সকালে তানভীরের দোকানে গেলে পুলিশকে খবর দেন তিনি। পুলিশ পরিচয়পত্র দেখতে চাইলে দেখাতে পারেননি শহীদুল।
অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ বাড়ে। পরে তাঁকে আটক করা হয়।এ ঘটনায় ১২ নভেম্বর কোতোয়ালী মডেল থানায় মামলা করা হয়। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।