টিলাগড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ম-সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক এমপি রনজিত চন্দ্র সরকারের মুঠোফোনে দেওয়া নির্দেশনায় ঝটিকা মিছিলের সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেফতার করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ।এ সময় তাদের কাছ থেকে তিনটি কাঠের বাটাম উদ্ধার করা হয়।
পাশাপাশি ঘটনাস্থল থেকে বাঁশের লাঠি, কাঠের বাটাম, ইটের টুকরো, পোড়া টায়ারের অংশ এবং বিস্ফোরিত ককটেলের বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মহানগরীর খরাদিপাড়া এলাকার আমানউল্লাহ কনভেনশন সেন্টারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার ব্যক্তিরা হলেন-সুনামগঞ্জ সদর উপজেলার বালিকান্দি মঙ্গলকাটা এলাকার আলাউদ্দিনের ছেলে মোহিন উদ্দিন (১৯), বালুটিকর দাসপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে মাহিন মিয়া (২০) এবং ধর্মপাশা শেলবরশ এলাকার আবুল বাসারের ছেলে মকবুল হোসেন নাহিদ (২০)। তারা সিলেট মহানগরীর শাহপরাণ থানার আরামবাগ ও শিবগঞ্জ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ও তাদের সহযোগীরা সরকারের বিরুদ্ধে একটি ঝটিকা মিছিল নিয়ে বালুচর সড়ক হয়ে টিলাগড় পয়েন্টের দিকে যাচ্ছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের প্রত্যেকের হাতে একটি করে কাঠের বাটাম ছিল। ঘটনাস্থল থেকে চারটি বাঁশের লাঠি, আটটি কাঠের বাটাম, ১৫টি ইটের টুকরো, একটি পোড়া টায়ারের অংশ, টায়ার পোড়ানোর ছাই, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ এবং ককটেল তৈরিতে ব্যবহৃত একটি বিস্ফোরিত টিনের কৌটা জব্দ করা হয়।
এদিকে গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ম-সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক এমপি রনজিত চন্দ্র সরকারের মুঠোফোনে দেওয়া নির্দেশনায় মামুন ওরফে বুলেট মামুন (২৫) ও সাজন আহমদের নেতৃত্বে তারা ওই মিছিলে অংশ নেন।সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা উপ-কমিশনার মো. আফজাল হোসেন বলেন, ‘উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানার মামলা নং- ১৩, তারিখ- ১০/১১/২০২৬ খ্রিঃ, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৯(৩)/১০/১১/১২/১৩ ধারা এবং তৎসহ The Explosive Substances Act, 1908-এর ৩/৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।