রাইজিংসিলেট- শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে অভয়নগর উপজেলার রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশে রেলক্রসিয়ে এ ঘটনা ঘটে। বাবার সঙ্গে মোবাইলে কথা বলতে বলতেই ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন সুমাইয়া বেগম (২৫) নামে এক তরুণী।
তিনি উপজেলার বাঘুটিয়া গ্রামের রকি শেখের স্ত্রী। তিনি ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা রেলস্টেশন কলোনির মহিরুল ইসলাম বাবলুর মেয়ে।
নিহতের বাবা মহিরুল ইসলাম বাবলু জানান, শনিবার সকালে ছেলে আলিফকে (২) নিয়ে সুমাইয়া বাবার বাড়ি আসেন।পরে রাজঘাট বাজার এলাকায় কাজ আছে বলে বাবার বাড়ি থেকে বের হয়। এরপর বেলা ১১টায় তার মোবাইল থেকে কল দিয়ে জানায় আমার বাচ্চাকে দেখে রেখো। এরপর থেকে ওই মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
পরে দুপুর ১২টার দিকে জানতে পারি বেনাপোল বেতনা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপিয়ে আত্মহত্যা করে সে। বিয়ের পর বিভিন্ন সময় মেয়েকে জামাই যৌতুকের জন্য চাপ দিত। এজন্য আমি ৭০ হাজার টাকা দিয়েছি তাকে। তারপরও তারা মেয়েকে নির্যাতন করত। এই নির্যাতন সইতে না পেরেই মেয়ে আমার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।
যশোর রেল পুলিশের এসআই মো. মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।