ঢাকাSaturday , 21 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব শিশু দিবস উপলক্ষে সিকৃবি হাল্ট প্রাইজ-এর  উদ্যোগে ‘প্রজেক্ট স্বপ্নডানা’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

rising sylhet
rising sylhet
November 21, 2026 1:39 pm
Link Copied!

ads

আজ ২০ এ নভেম্বর(শুক্রবার) বিশ্ব শিশু দিবস ২০২৬ উপলক্ষে শিশুদের অধিকার, ব্যক্তিগত নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ “শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ” শিরোনামে প্রজেক্ট স্বপ্নডানা এর প্রথম ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। বিশ্ব শিশু দিবসের এ বছরের প্রতিপাদ্য “My Day, My Rights, My Future”- কে সামনে রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজ-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগী সংগঠন হিসেবে ছিল পাঠশালা একুশ এবং সামগ্রিক সহযোগিতায় ছিল এডুকেশন ফর চেঞ্জ।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পাঠশালা একুশের প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিশুদের অধিকার, শিশু নির্যাতন, বুলিং, হয়রানি ও অপহরণ প্রতিরোধ এবং ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা, সচেতনতামূলক ভিডিও প্রদর্শন, গল্পকথন ও অভিনয়ের মাধ্যমে বিভিন্ন বাস্তবভিত্তিক কার্যক্রম পরিচালনা করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে শিশুদের সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি শনাক্ত করা, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে করণীয় সম্পর্কে ধারণা দেওয়া এবং প্রয়োজনে অভিভাবক ও বিশ্বস্ত ব্যক্তিদের সহায়তা নেওয়ার বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি, জরুরি প্রয়োজনে সহায়তা পেতে শিশুদের জন্য নির্ধারিত জাতীয় হেল্পলাইন “১০৯৮” সম্পর্কে তাদের অবহিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ কাওসার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজ-এর উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবাল। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজ-এর উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ মেহেদী হাসান খান।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ কাওসার হোসেন আয়োজকদের ধন্যবাদ জানিয়ে শিশুদের যেকোনো সমস্যা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে শিক্ষকদের কাছে সহযোগিতা চাওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি  আয়োজকদের এ ধরনের উদ্যোগ শুধু শিশু দিবস উদ্‌যাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত কার্যক্রমের  মধ্যে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবাল শিশুদের জন্য এমন একটি সময়োপযোগী আয়োজনের প্রশংসা করেন। তিনি বলেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিশুদের ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিশুদের সঙ্গে মানসম্মত সময় কাটানো এবং তাদের প্রয়োজনীয় জীবনদক্ষতা ও সচেতনতা গড়ে তোলার জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজের উদ্যোগকে তিনি ধন্যবাদ জানান।

ads

প্রফেসর ড. মোহাম্মদ মেহেদী হাসান খান শিশুদের জাতির ভবিষ্যৎ হিসেবে উল্লেখ করে পড়াশোনার পাশাপাশি ভালো আচরণ, ধর্মীয় ও নৈতিক শিষ্টাচার এবং ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত আসক্তি থেকে দূরে থাকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সহযোগী সংগঠন পাঠশালা একুশের সাধারণ সম্পাদক রিফাত হোসেন সংগঠনটির পথচলার শুরুর গল্প তুলে ধরেন এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজের সঙ্গে যৌথভাবে কাজ করার অভিজ্ঞতাকে আনন্দদায়ক বলে উল্লেখ করেন। তিনি এ উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজের ক্যাম্পাস ডিরেক্টর সাবিহা বখত অনুষ্ঠানে উপস্থিত সকলকে বিশ্ব শিশু দিবসের শুভেচ্ছা জানান এবং প্রজেক্ট স্বপ্নডানার সাথে সম্পৃক্ত সকল সদস্য ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিশুদের কল্যাণ ও সুন্দর ভবিষ্যৎ কামনার মধ্য দিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিশুদের মাঝে উপহার ও খাবার বিতরণ করা হয়। শিশুদের নিরাপত্তা, অধিকার ও জীবনদক্ষতা সম্পর্কে সচেতন করে একটি নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলাই  প্রজেক্ট স্বপ্নডানার মূল লক্ষ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।