রাইজিংসিলেট- সিলেট নগরের যোগাযোগব্যবস্থায় পরিবর্তন আনতে এয়ারপোর্ট রোড চার লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
পাশাপাশি নগরের যানজট কমাতে বিকল্প সড়ক নির্মাণ এবং চা-বাগানের ভেতর দিয়ে নতুন সড়ক তৈরির উদ্যোগের কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব পরিকল্পনার কথা তুলে ধরেন।
পরিকল্পনা অনুযায়ী, সিলেট বিমানবন্দর থেকে আম্বরখানা পর্যন্ত এয়ারপোর্ট রোড চার লেনে উন্নীত করা হবে। গুরুত্বপূর্ণ এই সড়কটি চার লেনে রূপান্তরিত হলে যানবাহন চলাচল আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া খাদিমনগরের সাহেবের বাজার থেকে খাদিমপাড়া হয়ে কালাগুল বাজার পর্যন্ত বিকল্প সড়ক উন্নয়নের পরিকল্পনা রয়েছে। সড়কটি প্রশস্ত করে কংক্রিটে নির্মাণ করা হলে ভারী যানবাহন নগরের আম্বরখানা এলাকা এড়িয়ে বাইপাসে যেতে পারবে। এতে নগরের যানজট কমাতে সহায়তা মিলতে পারে।
অন্যদিকে, লাক্কাতুরা থেকে টেলিভিশন গেট পর্যন্ত চা-বাগানের ভেতর দিয়ে নতুন সড়ক নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এই সড়ক বাস্তবায়িত হলে যোগাযোগের সুবিধা বাড়ার পাশাপাশি পর্যটকদের জন্য নতুন আকর্ষণীয় পথ তৈরি হতে পারে।
নগরের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে পুরোনো জালালাবাদ শিশু পার্ক পুনরুজ্জীবনের কাজ চলছে। পাশাপাশি বাদাঘাট বাইপাস ও সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়নকাজও এগিয়ে নেওয়া হচ্ছে।
মন্ত্রী জানান, সিলেট সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডে প্রায় ৮০০ কিলোমিটার সড়ক রয়েছে। এসব সড়কের একটি বড় অংশ এখনো পাকা করা সম্ভব হয়নি। নগরের সড়ক অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প গ্রহণ করে পরিকল্পিতভাবে কাজ এগিয়ে নেওয়া হবে।
সিলেটে মশার উপদ্রব বৃদ্ধি, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান শুরু
তিনি বলেন, উন্নয়নের মূল লক্ষ্য শুধু অবকাঠামো নির্মাণ নয়; বরং মানুষের যাতায়াত সহজ করা, যানজট কমানো এবং দৈনন্দিন জীবনযাত্রায় স্বস্তি নিশ্চিত করা।