ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতক উপজেলার কুচবাড়ী এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পিতা-কন্যাকে জরিয়ে মানহানিকর, আপত্তিকর ও উসকানিমূলক পোস্ট প্রচারের অভিযোগে সিলেট সাইবার ট্রাইব্যুনালে মামলা নং ৩৪/২৬ দায়ের করা হয়েছে। মামলাটি তদন্তের জন্য সুনামগঞ্জের সিআইডি পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।
গত ১০ নভেম্বর বুধবার সিলেটের সাইবার ট্রাইব্যুনালে বোন ও পিতার পক্ষে বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন কোচবাড়ি গ্রামের রাজা মিয়ার ছেলে সাগর আহমদ, এতে ১৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৬/৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অপপ্রচার, মানহানি, ভয়ভীতি প্রদর্শন এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ আনা হয়েছে।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে ফেসবুকে কয়েকটি আপত্তিকর ও মানহানিকর পোস্ট ছড়িয়ে পড়ার বিষয়টি অভিযোগকারীর নজরে আসে। কয়েকটি ফেসবুক আইডি ও একটি ফেসবুক পেজ থেকে তাঁর পরিবারকে জড়িয়ে আপত্তিকর মন্তব্য, বিভ্রান্তিকর তথ্য এবং এআই সম্পাদিত ছবি প্রকাশ করা হয়। এসব পোস্টে বিভিন্ন ব্যক্তিকে ট্যাগ ও শেয়ার করার মাধ্যমে এলাকায় উত্তেজনা সৃষ্ট করা হয়।
অভিযোগকারীর দাবি, তাঁর পিতা ও বোনকে জড়িয়ে মিথ্যা ও আপত্তিকর বক্তব্য প্রচার করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন ও আর্থিক চাপ সৃষ্টির অভিযোগও তুলে ধরা হয়েছে।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব পোস্টের কারণে তাঁর পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমনকি এআই সম্পাদিত ছবি ব্যবহার করে মানহানির চেষ্টা করা করা হচ্ছে। এ ঘটনায় বেশ কয়েকজন ব্যক্তির নাম এবং সংশ্লিষ্ট ফেসবুক আইডি ও পেজের লিংক অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগটি আমলে নিয়ে তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছেন। অভিযোগের সঙ্গে মানহানিকর পোস্টের স্থিরচিত্র এবং একটি পেনড্রাইভ সংযুক্ত করা হয়েছে। শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে সুনামগঞ্জের সিআইডি পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বারের আইনজীবী এডভোকেট সজল হোসেন।