জার্সিতে বিদায়ের রাতটাও স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। জাতীয় দলের হয়ে বেনিনের বিপক্ষে শেষ ম্যাচে পরা জার্সিগুলোর একটি নিজের হাতে স্বাক্ষর করে উপহার দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।শুধু তা-ই নয়, জার্সিটি রিভার প্লেটের সমর্থকদের উদ্দেশে উৎসর্গ করেছেন তিনি। মেসির সেই ঐতিহাসিক জার্সি এখন স্থান পেয়েছে রিভার প্লেটের জাদুঘরে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মনুমেন্তালে বেনিনের বিপক্ষে পরা বিশেষ জার্সিগুলোর একটি স্বাক্ষর করে রিভার প্লেটের ভক্তদের উপহার দেন মেসি। জার্সিটিতে তিনি লিখেছেন, ‘অনেক ভালোবাসা, রিভার প্লেটের ভক্তদের জন্য, লিও।রিভার প্লেটের ‘সম্মানসূচক সদস্য’ হিসেবে স্বীকৃতি পাওয়ার পর মেসির এই উপহার ক্লাবটির জন্যও বিশেষ গুরুত্ব বহন করছে। গত বুধবার ক্লাবটির সভাপতি স্টেফানো দি কার্লো মেসির হাতে সম্মানসূচক সদস্যপদের কার্ড ও একটি স্মারক ক্রেস্ট তুলে দেন।
ওই অনুষ্ঠানে মেসির জন্য বিশেষভাবে তৈরি করা হয় লাল ব্যান্ডসহ তাঁর নাম ও ১০ নম্বর লেখা লাল-সাদা জার্সি। পরে মেসির স্বাক্ষর করা আর্জেন্টিনার জার্সিটি রিভার প্লেটের জাদুঘরে প্রদর্শনের ব্যবস্থা করা হয়।জার্সিটি জাদুঘরে স্থান দেওয়ার সময় ক্লাব সভাপতি স্টেফানো দি কার্লোর পাশাপাশি রিভার প্লেটের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ফলে এখন ক্লাবটির সমর্থকেরা মেসির স্বাক্ষর করা ঐতিহাসিক জার্সিটি সরাসরি দেখার সুযোগ পাবেন।মেসির এই উপহারের বিষয়টি নিজেদের বার্তায় তুলে ধরেছে রিভার প্লেটও।
ক্লাবটি জানিয়েছে, জাতীয় দল থেকে তাঁর অবিস্মরণীয় বিদায়ের দিনে সম্মানসূচক সদস্যপদ পাওয়ার পর আর্জেন্টাইন অধিনায়ক তাঁর শেষ আকাশী-সাদা জার্সিতে স্বাক্ষর করে সেটি রিভার প্লেটের ভক্তদের উদ্দেশে উৎসর্গ করেছেন।আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচের স্মৃতি তাই এবার জায়গা করে নিল রিভার প্লেটের ইতিহাসেও। তাঁর স্বাক্ষর করা সেই জার্সি এখন ক্লাবটির জাদুঘরে সংরক্ষিত থাকবে ভক্তদের দেখার জন্য।