রাইজিংসিলেট- বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মোহাম্মদ আলী (৭০) নামে এক রাইস মিল মালিককে হত্যা করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ উঠেছে। একই ঘটনায় মিল থেকে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার লুট করে নিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে।
ঘটনাটি রবিবার রাতে উপজেলার ফেনিগ্রাম ফুলতলা এলাকায় ঘটে। নিহত মোহাম্মদ আলী ফেনিগ্রাম পূর্বপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত কছিরউদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, রাতে তিনি নিজ রাইস মিলে অবস্থান করছিলেন। ধারণা করা হচ্ছে, গভীর রাতে দুর্বৃত্তরা মিলের পেছনের দিক দিয়ে প্রবেশ করে তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। ঘটনার পর মিলে থাকা তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার নিয়ে পালিয়ে যায় তারা।
সোমবার সকালে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা রাইস মিলে গিয়ে বিছানার ওপর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সিলেটের গোলাপগঞ্জে চালু হলো দেশের প্রথম থানাভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।