রাইজিংসিলেট- প্রবাসী অধ্যুষিত সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায় দেশের প্রথম থানাভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ উদ্বোধন করা হয়েছে। প্রবাসীদের জন্য পুলিশি ও আইনি সেবা সহজ, দ্রুত এবং কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার দুপুরে গোলাপগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে ফিতা কেটে হেল্প ডেস্কটির উদ্বোধন করেন সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই তাদের নিরাপত্তা এবং আইনি সহায়তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। নতুন এই হেল্প ডেস্কের মাধ্যমে বিদেশে অবস্থান করেও প্রবাসীরা নিজেদের বিভিন্ন সমস্যার বিষয়ে দ্রুত পুলিশি সহায়তা ও প্রয়োজনীয় আইনি সেবা গ্রহণ করতে পারবেন। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ দেশের অন্যান্য থানার জন্যও অনুসরণীয় উদাহরণ হয়ে উঠবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক এবং অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম।
সিলেটসহ সারা দেশের বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসক উপস্থিতি নিশ্চিতের নির্দেশ
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হেল্প ডেস্কের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ও তাদের স্বজনরা সহজে পুলিশের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সেবা নিতে পারবেন। এ সেবার জন্য নির্ধারিত হেল্পলাইন নম্বর: ০১৩২০-১১৭৮৯৬।