ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতক উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা ও ছাতক উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
(১৬ অক্টোবর) বিকেলে উপজেলার ছৈলা শিব সংঘ, প্রতিজ্ঞা পূজা কমিটি ও নবজাগরণ পূজা কমিটিসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তাঁরা। এ সময় পূজামণ্ডপগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক ও কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পির পক্ষ থেকে পূজারীদের শারদীয় শুভেচ্ছা জানানো হয়।
এ সময় নেতৃবৃন্দ কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নির্দেশনা অনুসরণ করে প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নিজস্ব নিরাপত্তাব্যবস্থা জোরদার, প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সহযোগিতা বজায় রাখা, পরিবেশবান্ধব পূজার আয়োজন এবং বিদ্যুৎ সাশ্রয়ের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শান্তিপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে পূজামণ্ডপের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তাঁরা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের অন্যতম নেতা অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার বিপ্লব তালুকদার বাপ্টু, সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সহধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক ও ছাতক উপজেলা শাখার কোষাধ্যক্ষ পংকজ দত্ত, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যকরী সদস্য ও ছাতক উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কৃপেশ চন্দ, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যকরী সদস্য বিমান ঘোষ, সহপ্রচার সম্পাদক দীপক দেবনাথ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসাংগঠনিক সম্পাদক ডা. রিপন দাশ, বিশিষ্ট গীতাপাঠক ডা. কানুপ্রিয় দাস, পূজা উদযাপন পরিষদের নেতা বিধান দেব, মাস্টার লিটন দে, সুজিত সূত্রধর, ডা. প্রদীপ দাস, নিবারণ গোস্বামী, ডা. নিরঞ্জন দেবনাথ শশী ও অনুকূল বৈদ্যসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিভিন্ন পূজামণ্ডপে পৌঁছালে সংশ্লিষ্ট পূজা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে স্বাগত জানান।