সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জে প্রবাসী বিএনপি নেতা ও সিলেট জেলা বিএনপির সহ-অর্থনীতি বিষয়ক সম্পাদক শাহেদ আহমদ রাসেলের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও অসন্তোষ দেখা দিয়েছে। দলীয় নেতাকর্মীদের একটি বড় অংশ এমন কর্মকাণ্ডে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। যেখানে একই দিনে সিলেটে সফরে এসে বর্তমান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিকভাবে আর কিছু অবশিষ্ট নেই। তারা রাজনীতির পথ ছেড়ে এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তাদের কর্মকাণ্ডে কোনো রাজনৈতিক কর্মসূচির প্রতিফলন নেই, বরং সন্ত্রাস ও নৈরাজ্যই এখন তাদের একমাত্র চর্চা। দেশের মানুষ তাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ক্ষমতা থেকে বিতাড়িত করেছে।
এরপরও তারা বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সেই শুক্রবারই এই বাণিজ্যমন্ত্রীর নাম ব্যবহার করে জকিগঞ্জ উপজেলার ৯ নম্বর মানিকপুর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে রাস্তা সংস্কারের উদ্যোগের আড়ালে ‘ইছামতি (খ) ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়’ মাঠে গত ২০ নভেম্বর শুক্রবার সকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে সভা করেছেন সিলেট জেলা বিএনপির সহ-অর্থনীতি বিষয়ক সম্পাদক শাহেদ আহমদ রাসেল। অভিযোগ রয়েছে, তিনি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্বস্থ্য করেছিলেন যে প্রশাসনসহ বিএনপির বিষয়গুলো তিনি সামলে নেবেন এবং ওই সভায় আওয়ামী লীগের সবাই উপস্থিত হয়ে তাদের কথা বলতে পারবেন। নির্ধারিত সময় অনুযায়ী সকাল থেকেই সভা শুরু হয়। অনুষ্ঠানের আগে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়েই ঘটনাস্থলে হাজির হন শাহেদ আহমদ রাসেল।
শুরুতে সেখানে বিএনপির কোনো পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন না বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে রাসেলের উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে পরে তার অনুসারী কিছু বিএনপি নেতাকর্মী ঘটনাস্থলে আসেন। এ সময় তিনি স্পষ্ট বার্তা দেন যে কোনো আওয়ামী লীগ নেতাকর্মীকে যেন হয়রানি বা অপমান করা না হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকপুর ইউনিয়নের বর্তমান ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুয়া মিয়া। প্রধান অথিতি হিসাবে উপস্তিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-অর্থনীতি বিষয়ক সম্পাদক শাহেদ আহমদ রাসেল।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বক্তব্য দেন সাবেক সভাপতি মাখন মিয়া, আওয়ামী লীগ নেতা বাবুল আহমদ, শিপার আহমদ ও আব্দুল হক মেম্বার, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাছিত আহমদসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী। বিষয়টি নিয়ে স্থানীয় অনলাইন পেইজ জকিগঞ্জ টিভিতে মিটিংয়ের সংবাদ প্রচার হলে বিষয়টি নজরে আসে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের। পুরো ঘটনায় মানিকপুর ইউনিয়ন বিএনপিসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয়ে ইউনিয়ন বিএনপির একাধিক নেতা বলেন, ঘটনাটি তারা অবগত হয়েছেন এবং সত্যতা যাচাইয়ের পর বিষয়টি উপজেলা বিএনপির সভাপতিসহ জেলা বিএনপির একাধিক শীর্ষ নেতাকে জানিয়েছেন। তাদের অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বাদ দিয়ে এবং তাদের না জানিয়ে এভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে সভা করা দলীয় শৃঙ্খলা ও অনুভূতির পরিপন্থী।
উপজেলা বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, শাহেদ আহমদ রাসেল মাঝেমধ্যেই বিদেশ থেকে দেশে এসে একইভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে প্রকাশ্যে বা গোপনে সভা-সমাবেশ করে থাকেন। বিষয়টি ইতোমধ্যে জেলার নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে বলে তারা জানান।
অন্যদিকে, এ বিষয়ে অভিযুক্ত শাহেদ আহমদ রাসেলের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। একদিকে জকিগঞ্জে আগামী ৩ ডিসেম্বর আসছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আর অপর দিকে এই বিএনপি নেতা নেতৃত্বে জড়ো হচ্ছে নিষদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এনিয়েও কেউ কেউ নাশকতার আশংকা করছেন।