রাইজিংসিলেট- দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত খুলনায়,সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৮টার দিকে ফুলতলা উপজেলার আলকা গ্রামের আইডিয়াল মোড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মিলন ফকির ওই এলাকার আব্দুল ওহাব ফকিরের ছেলে। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মিলন ফকির নামে এক যুবক নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে জামিরা রোডের আইডিয়াল স্কুল মোড়ে দাড়িয়ে ছিলেন মিলন ফকির। এ সময় একটি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে৷ তখন মিলন ফকির দৌড়ে স্থানীয় একটি দোকানে প্রবেশ করলে আবারও গুলি করা হয়৷ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ময়না তদন্তের জন্য তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয় লোকজন জানান, নিহত মিলন ফকির কয়েকজনের সঙ্গে ফুলতলার শিকিরহাট খেয়াঘাট ইজারা নিয়ে পরিচালনা করতেন। ঘাটের ইজারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।ৎ
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার জানান, কারা কী কারণে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি।