রাইজিংসিলেট- বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রী আঁখি আক্তারকে খুন করে পালিয়েছেন স্বামী সাইদুল ইসলাম৷ নিহত নারী তিন সন্তানের জননী৷
নিহত আঁখি আক্তার (৩২) পিরোজপুর গ্রামের ইব্রাহিম প্রধানের মেয়ে৷ অভিযুক্ত সাইদুল ইসলাম (৩৬) চেঙ্গাকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে৷
স্থানীয় প্রতিবেশীরা বলেন, সন্তানদের চিৎকার শুনে তারা এসে হাত-পা বাধা অবস্থায় পুরো মুখমণ্ডল রক্তাক্ত ও থেঁতলানো অবস্থায় দেখতে পান আঁখি আক্তারকে। পরে স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ ঘটনার পর থেকে সাইদুলকে আর আশপাশে কোথাও দেখা যায়নি৷
এ ঘটনায় নিহতের বাবা ইব্রাহিম প্রধান বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নিহতের বাবা ইব্রাহিম প্রধান বলেন, প্রায় ১৫ বছর আগে সাইদুলের সঙ্গে মেয়ের বিয়ে দেন৷ বিয়ের পর থেকেই নানা অজুহাতে মেয়েকে তার স্বামী মারধর করতো বলে অভিযোগ বাবার৷
নিহতের ছেলে অর্নব ও সিয়াম বলেন, রাতে বাবা-মার মধ্যে কথা কাটাকাটি হয়৷ আমরা পাশের ঘরে ছিলাম৷ মায়ের চিৎকার শুনে দেখি মায়ের হাত-পা বেধে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে ফেলছেন৷ আমরা চিৎকার দিলে আমাদের ধাক্কা দিয়ে বাবা পালিয়ে যায়৷
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে খবর পেয়ে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ৷ নিহতের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে বিভৎস ক্ষত চিহ্ন রয়েছে৷ পারিবারিক কলহের জেরে এ খুনের ঘটনা ঘটেছে৷