রাইজিংসিলেট- শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলের দিকে এ ঘটনা ঘটে। নওগাঁয় মায়ের সঙ্গে গ্রামীণ মেলা দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বিজয় নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত স্কুলছাত্র বিজয় নওগাঁ শহরের রেজেস্ট্রি অফিস পাড়ার সুশীল সরকারের ছেলে। সে নওগাঁ সরকারি জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বিজয় তার মার সঙ্গে ইজিবাইকে করে মহাদেবপুর উপজেলার ভীমপুরে ঐতিহ্যবাহী হিন্দুবাঘা গ্রামীণ মেলা দেখতে যাচ্ছিল। পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাট চকগৌরী এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি মোটরসাইকেল তাদের ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক উল্টে বিজয়, তার মা বর্ষা রাণী ও ছোট বোন শ্রদ্ধা সরকার আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিজয় মারা গেছে বলে জানান।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, আইনি কোনও জটিলতা না থাকায় নিহত বিজয়ের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।