রাইজিংসিলেট- শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুর ও নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা জোরদারে ব্যবহার করা হচ্ছে ড্রোন এবং বডি ক্যামেরা।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ নভেম্বর) গাজীপুরের সফিপুর, কালিয়াকৈর ও কোনাবাড়ী এলাকায় ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে এসব এলাকায় ১২ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি আশুলিয়া ও মিরপুরের পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হচ্ছে।
শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও স্পর্শকাতর স্থানগুলোতে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। দায়িত্ব পালনকারী সদস্যদের শরীরে থাকা বডি ক্যামেরার ফুটেজও পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে মাঠপর্যায়ের পরিস্থিতি সম্পর্কে দ্রুত তথ্য পাওয়া যায়।
সিলেটে স্থানীয় নির্বাচনে যোগ্যতা ও জনপ্রিয়তা দেখে প্রার্থী দেবে বিএনপি
বিজিবি সদর দপ্তরের কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি ক্যামেরার সরাসরি ভিডিও পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি মূল্যায়নের পাশাপাশি মাঠে থাকা ইউনিটগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।
বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিল্পাঞ্চলে নিরাপত্তা কার্যক্রম ও প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।