রাইজিংসিলেট- আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সিলেটে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও বিজয়ের সম্ভাবনাকে গুরুত্ব দেবে বিএনপি। স্থানীয় পর্যায়ে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের আলোচনার মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচন করা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।
সোমবার (২ নভেম্বর) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা
রিজভী জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর দলের মনোনয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। ভোটগ্রহণ ও মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ নির্ধারিত হলে সেই সময়সূচি অনুযায়ী দলীয় প্রস্তুতি ও কার্যক্রম পরিচালনা করা হবে।
সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এতে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
এ সময় সংসদ সদস্য এমএ মালিক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীসহ জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।