সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে মৌলভীবাজার সদর উপজেলা থেকে একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।আটক ব্যক্তি মো. মামুন। তিনি গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের নিজাম মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত কয়েক দিন ধরে মামুন টিকটকে বিভিন্ন ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অশালীন ও আপত্তিকর মন্তব্য করে আসছিলেন। ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়।
পরবর্তী সময়ে শনিবার রাতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতায় অভিযান চালিয়ে মামুনকে তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ওই যুবক প্রধানমন্ত্রীকে অশালীন ভাষায় গালিগালাজ করে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছে।
এ রকম কর্মকাণ্ডে আমরা কোনো ছাড় দেব না। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।