ঢাকাWednesday , 25 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন হতে যাচ্ছে

rising sylhet
rising sylhet
November 25, 2026 8:21 pm
Link Copied!

ads

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ।আগামী শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।এই নির্বাচনের মাধ্যমে পঞ্চায়েত বা প্রাথমিক নির্বাহী কমিটি, ভ্যালি নির্বাহী কমিটি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

 

 

 

নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও পরিচালনা সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করতে আজ বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।

 

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এ লক্ষ্যে চা-বাগানের মালিক ও ব্যবস্থাপকদের সঙ্গে পৃথক সমন্বয় সভা করা হয়েছে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।নির্বাচনে সারা দেশে পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা-বাগান ও কেন্দ্রে প্রায় ১ লাখ ৪৫ হাজার ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় ২০২১ ও ২০২৪ সালে তা অনুষ্ঠিত হয়নি।

ads

 

 

 

এবারের নির্বাচনে ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদক পদসহ সাতটি ভ্যালি ও বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬০০-এর বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৫ নভেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে চা-বাগান, কারখানা ও শ্রমিক লাইনে উঠান বৈঠক, সভা ও মিছিলে প্রচারণা জমে উঠেছে।মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় ১৩৫টি পঞ্চায়েতের অধীনে মোট ৬০ হাজার ৪৮২ জন ভোটার ভোট দেবেন। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় ৪০টি পঞ্চায়েতের অধীনে সর্বোচ্চ ১৮ হাজার ৮২২ জন ভোটার রয়েছেন। এ ছাড়া কমলগঞ্জে ২৩টি পঞ্চায়েতে ১৪ হাজার ৪৩০ জন, কুলাউড়ায় ২২টি পঞ্চায়েতে ৮ হাজার ৬৫৬ জন, জুড়ীতে ১৬টি পঞ্চায়েতে ৭ হাজার ৮৪৯ জন, রাজনগরে ১৩টি পঞ্চায়েতে ৫ হাজার ৭৫২ জন, বড়লেখায় ১৮টি পঞ্চায়েতে ৩ হাজার ৮১৭ জন এবং মৌলভীবাজার সদর উপজেলায় তিনটি পঞ্চায়েতে ১ হাজার ১৫৬ জন ভোটার রয়েছেন।

 

 

 

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল প্রার্থী, ভোটার, বাগান কর্তৃপক্ষ, নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা কামনা করেন। তিনি প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার পাশাপাশি ভোটারদের নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।