রাইজিংসিলেট- দেবীর বোধনের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সিলেটসহ সারাদেশে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। আগামীকাল শুক্রবার মহাষষ্ঠীর অধিবাসের মধ্য দিয়ে পূজার মূল আয়োজন শুরু হবে।
এবার মহাসপ্তমীর তিথি দুই দিন হওয়ায় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা চলবে ছয় দিন। সূচি অনুযায়ী, ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৭ ও ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।
সিলেট মহানগর ও জেলায় এবার বিপুলসংখ্যক মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। মহানগর এলাকায় সার্বজনীন ১৪৬টি এবং পারিবারিক ১৬টিসহ মোট ১৬২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। অন্যদিকে সিলেট জেলার বিভিন্ন উপজেলায় সার্বজনীন ৪৭৪টি ও পারিবারিক ২৬টি মিলিয়ে মোট ৫০০টি পূজার আয়োজন রয়েছে। মহানগর ও জেলা মিলিয়ে মোট মণ্ডপের সংখ্যা ৬৬২টি।
জেলার মধ্যে জকিগঞ্জে সবচেয়ে বেশি সার্বজনীন পূজার আয়োজন রয়েছে। এছাড়া গোলাপগঞ্জ, বালাগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর, ফেঞ্চুগঞ্জ, বিশ্বনাথ, গোয়াইনঘাট, বিয়ানীবাজার, কোম্পানীগঞ্জ ও ওসমানীনগরসহ বিভিন্ন উপজেলায়ও ব্যাপক আয়োজন করা হয়েছে।
এদিকে দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সিলেট রেঞ্জ পুলিশ বিভিন্ন নির্দেশনা দিয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য না ছড়ানো, মণ্ডপের আশপাশে অবৈধ দোকান না বসানো এবং রাস্তায় যানবাহন পার্কিং না করার জন্য বলা হয়েছে।
স্ত্রীর ছবি তোলার প্রতিবাদে, সিলেটের কাস্টঘরে ছু রি কা ঘা তে যুবক নি হ ত
পুলিশের পক্ষ থেকে পূজামণ্ডপে নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিমা বিসর্জনের সময় নির্ধারিত রুট অনুসরণ করারও নির্দেশনা রয়েছে।
উৎসব চলাকালে মোটরসাইকেলে রেস, বেপরোয়া গতিতে চলাচল, হাউজি ও জুয়ার আসর, আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আজান ও নামাজের সময় শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
যেকোনো জরুরি পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করে পুলিশের সহায়তা নেওয়ার জন্যও সবাইকে অনুরোধ করা হয়েছে।
সিলেটের আলিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে সভা-সমাবেশ নিষিদ্ধ
পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এবার সারাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে বলে জানানো হয়েছে। উৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দমুখর করতে আয়োজক, দর্শনার্থী ও সংশ্লিষ্ট সবাইকে আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।