সিলেট আওয়ামী লীগ নেতৃবৃন্দের হুঁশিয়ারি।
শনিবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দেন।
তারা বলেন, কোটা আন্দোলনের নামে জামায়াত-বিএনপি সরকার উৎখাতের চেষ্টা চালাচ্ছে। এখন থেকে তা প্রতিহত করা হবে। তাদের সফল হতে দেওয়া হবে না।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদ মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, একাত্তর, পঁচাত্তর ও এখনকার খুনিরা একাত্ম হয়ে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। রাজনৈতিকভাবে এই অপশক্তিকে মোকাবিলা করা হবে। কোমলমতি শিক্ষার্থীদের সরলতার সুযোগ নিয়ে বিএনপি-জামায়াত চক্র দেশকে অস্থিতিশীল অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। ওই মহলকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে এবার প্রতিরোধ গড়ে তোলা হবে।
সভায় বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের চলমান নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস এবং সরকার উৎখাতের ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছেন। এরপরও কোন স্বার্থে এখন আন্দোলন চলছে? মূলত স্বাধীনতার সপক্ষ শক্তিগুলো বিভক্ত থাকার কারণেই একাত্তরের পরাজিত শক্তিরা সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কারের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর ভর দিয়ে দেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানাতে চায়। সম্মিলিতভাবে ওই অপশক্তিকে মোকাবিলা করতে হবে।
এদিন দুপুর ১২টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে চলমান নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবিলায় করণীয় ঠিক করতে ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই কোটা আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।