ঢাকাWednesday , 4 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

২০৩১ সালের মধ্যে ১৫০টি গ্যাসকূপ খনন করবে সরকার, উৎপাদনের লক্ষ্য ১,৭৫২ মিলিয়ন ঘনফুট

rising sylhet
rising sylhet
November 4, 2026 1:52 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং আমদানিনির্ভরতা কমাতে বড় পরিকল্পনা নিয়েছে সরকার। ২০৩১ সালের মধ্যে দেশে মোট ১৫০টি গ্যাসকূপ খনন ও সংস্কারের (ওয়ার্কওভার) মাধ্যমে দৈনিক ১ হাজার ৭৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, পুরো কর্মসূচি দুই ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপের কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৮ সালের জানুয়ারি পর্যন্ত। এরপর দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হয়ে চলবে ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত।

পেট্রোবাংলার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দেশের নিজস্ব গ্যাসসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, এলএনজি আমদানির ওপর নির্ভরতা কমানো এবং ক্রমবর্ধমান চাহিদা পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিকল্পনার আওতায় ১৫০টি কূপের মধ্যে ১০৪টি নতুন করে খনন করা হবে। অন্যদিকে, পুরোনো ৪৬টি কূপে ওয়ার্কওভার কার্যক্রম পরিচালনা করা হবে।

ইতোমধ্যে ৭৭টি কূপের বিষয়ে প্রকল্প বা সংশ্লিষ্ট কোম্পানির পরিচালনা পর্ষদের অনুমোদন পাওয়া গেছে। অনুমোদিত কূপগুলোর মধ্যে ৫১টির কাজ শেষ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বাকি কূপগুলোর কার্যক্রম বিভিন্ন পর্যায়ে রয়েছে।

পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, সম্পন্ন হওয়া ৩২টি কূপ থেকে দৈনিক অতিরিক্ত ২৭০ দশমিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে দৈনিক ১৩৯ দশমিক ৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর খনন ও সংস্কার কার্যক্রমের মাধ্যমে ১১টি কূপের কাজ শেষ হয়েছে। এসব কূপ থেকে দৈনিক আরও ৫৮ দশমিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ৪১ দশমিক ৯ মিলিয়ন ঘনফুট ইতোমধ্যে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

গ্যাসের চাহিদা ও সরবরাহে বড় ব্যবধান

দেশে বর্তমানে অনুমোদিত লোড অনুযায়ী দৈনিক গ্যাসের চাহিদা ৫ হাজার ৩০০ মিলিয়ন ঘনফুট। তবে প্রকৃত ব্যবহারের ভিত্তিতে চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। বিপরীতে প্রতিদিন গড়ে সরবরাহ করা হচ্ছে প্রায় ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট।

মোট সরবরাহের প্রায় ৪১ শতাংশ আসে আমদানিকৃত এলএনজি থেকে। আন্তর্জাতিক কোম্পানিগুলো সরবরাহ করে প্রায় ৩৩ শতাংশ এবং রাষ্ট্রায়ত্ত দেশীয় কোম্পানিগুলোর অবদান ২৬ শতাংশ।

ads

দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিজিএফসিএল দৈনিক ৪৮০ মিলিয়ন ঘনফুট, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড ১৩৮ মিলিয়ন ঘনফুট এবং বাপেক্স ১০৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করছে।

অন্যদিকে, আন্তর্জাতিক কোম্পানিগুলোর মধ্যে শেভরন দৈনিক ৮৬১ মিলিয়ন ঘনফুট এবং ক্রিসএনার্জি বাংলাদেশ ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে।

বাপেক্সের ওপর বেশি দায়িত্ব

দ্বিতীয় পর্যায়ে ১০০টি কূপের কাজ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৬৯টি নতুন কূপ খনন এবং ৩১টি কূপে ওয়ার্কওভার করা হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ

এ পর্যায়ে বাপেক্স ৬৮টি কূপের দায়িত্ব পালন করবে। এর মধ্যে ৫২টি নতুন কূপ খনন এবং ১৬টি কূপ সংস্কার করা হবে। বিজিএফসিএল ২১টি এবং এসজিএফএল ১১টি কূপের কাজ বাস্তবায়ন করবে।

এদিকে, নতুন কূপ খননের পাশাপাশি অনুসন্ধান ও ভূকম্পন জরিপ কার্যক্রমও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাপেক্স ও সিলেট গ্যাস ফিল্ডসের কয়েকটি প্রকল্পের প্রস্তাব ইতোমধ্যে পরিকল্পনা কমিশনে মূল্যায়নের জন্য উপস্থাপন করা হয়েছে।

সিলেটে স্থানীয় নির্বাচনে যোগ্যতা ও জনপ্রিয়তা দেখে প্রার্থী দেবে বিএনপি

এসব উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে দেশের নিজস্ব গ্যাস উৎপাদন বাড়বে বলে আশা করছে সরকার। একই সঙ্গে আমদানিনির্ভরতা কমিয়ে জাতীয় জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করা সম্ভব হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।