ঢাকাWednesday , 4 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

লাউয়াছড়ায় রেলপথের বেহাল দশা, ৮ মাসে ২০ বার ট্রেন বিকল

rising sylhet
rising sylhet
November 4, 2026 1:26 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথে ট্রেন চলাচল ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। মাত্র পাঁচ কিলোমিটার পাহাড়ি ও আঁকাবাঁকা পথ পাড়ি দিতে গিয়েই বারবার যান্ত্রিক ত্রুটিতে পড়ছে যাত্রীবাহী ট্রেন। চলতি বছরের প্রথম আট মাসে অন্তত ২০ বার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। এতে যাত্রীদের দুর্ভোগের পাশাপাশি নিয়মিত বিঘ্নিত হচ্ছে ট্রেনের সময়সূচি।

সর্বশেষ গত ১ অক্টোবর রাতে কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরদিন ২ অক্টোবর দুপুরে পাহাড়িকা এক্সপ্রেসের হুক ছিঁড়ে নয়টি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে প্রায় তিন ঘণ্টা রেল যোগাযোগ ব্যাহত হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ১৮৯৮ সালে আসাম ও চট্টগ্রামের মধ্যে যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে এ রেলপথ নির্মাণ করা হয়। শতাধিক বছরের পুরোনো এই রুটে বর্তমানে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট পথে প্রতিদিন ছয়টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এসব ট্রেনে দৈনিক প্রায় ২৫ হাজার যাত্রী যাতায়াত করেন।

সরেজমিনে দেখা গেছে, শ্রীমঙ্গল ও ভানুগাছ স্টেশনের মধ্যবর্তী লাউয়াছড়া অংশে রেললাইনের বিভিন্ন স্থানে স্লিপারের নাট-বল্টু ও ক্লিপের ঘাটতি রয়েছে। কোথাও ঢিলা ক্লিপে সামান্য ঝালাই দেওয়া হয়েছে, আবার কিছু স্থানে নাটের পরিবর্তে তার দিয়ে সংযোগ ধরে রাখা হয়েছে। রেললাইনের এমন দুরবস্থায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, লাউয়াছড়ার ভাঙা ব্রিজ এলাকার পাহাড়ি ঢাল বেশ খাড়া। এ পথে ট্রেন পরিচালনার জন্য শক্তিশালী ইঞ্জিন প্রয়োজন। কিন্তু সিলেট রুটে চলাচল করছে ১৮ থেকে ১৯ বছর পুরোনো ২৯০০ ও ২৬১০ সিরিজের ইঞ্জিন। পাহাড়ি পথে ওঠার সময় এসব ইঞ্জিনের চাপ ও সক্ষমতা কমে যাওয়ায় মাঝপথে ট্রেন থেমে যাওয়ার ঘটনা ঘটছে।

এ ছাড়া পর্যাপ্ত বিকল্প ইঞ্জিন না থাকায় ঢাকা থেকে আসা ট্রেনের একই ইঞ্জিন দিয়ে ফিরতি যাত্রাও পরিচালনা করতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে বগির সংখ্যা বাড়ানো হলেও ইঞ্জিনের সক্ষমতা না বাড়ায় সমস্যার সমাধান হচ্ছে না।

চলতি বছরের বিভিন্ন সময়ে লাউয়াছড়া এলাকায় একাধিক ট্রেন বিকল হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি পাহাড়িকা এক্সপ্রেস পাঁচ ঘণ্টা আটকে থাকে। ১ মার্চ রাতে উপবন এক্সপ্রেসও একই এলাকায় পাঁচ ঘণ্টা বিলম্বিত হয়। ৭ ও ১৯ মার্চ কালনী এক্সপ্রেস যথাক্রমে দেড় ও দুই ঘণ্টা আটকে ছিল। ১ এপ্রিল কালনী এক্সপ্রেসের যাত্রায় পাঁচ ঘণ্টা বিঘ্ন ঘটে। ২৯ মে একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়।

রেলপথের আধুনিকায়নেও দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ বাড়ছে যাত্রী ও স্থানীয়দের মধ্যে। ২০১৯ সালে আখাউড়া-সিলেট মিটারগেজ রেলপথকে ডুয়েল গেজে রূপান্তরের জন্য ১৬ হাজার ১০৪ কোটি ৪৪ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ২০২৫ সালের জুনের মধ্যে প্রকল্পটি শেষ করার পরিকল্পনা থাকলেও দীর্ঘ সময়েও মাঠপর্যায়ে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি বলে জানা গেছে।

এদিকে সিলেট বিভাগের রেলপথ সংস্কার ও নতুন ট্রেন চালুর দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ায় আট দফা দাবি বাস্তবায়ন আন্দোলন পরিষদ বিভিন্ন কর্মসূচি পালন করছে।

ads

পরিষদের মুখ্য সমন্বয়ক আজিজুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলের রেল যোগাযোগ অবহেলার শিকার। রেলপথের দুরবস্থা দূর করতে মানববন্ধন ও ট্রেন অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তিনি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, লাউয়াছড়া বনের মাগুরছড়া এলাকায় প্রায়ই ট্রেন আটকে পড়ার খবর পাওয়া যায়। এ ধরনের পরিস্থিতিতে বন বিভাগের কর্মীরা যথাসাধ্য সহযোগিতা করেন।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড় প্রসাদ দাস পলাশের ভাষ্য, লাউয়াছড়ার ভাঙা ব্রিজ এলাকার পাহাড়ি ঢাল বেয়ে ওঠার সময় প্রায়ই আন্তঃনগর ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। গত আট মাসে অন্তত ২০টি এমন ঘটনা ঘটেছে।

সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা

শ্রীমঙ্গল রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মো. সাইফুল্লাহ জানান, পাহাড়ি ভূপ্রকৃতির কারণে এ পথে সতর্কতার সঙ্গে কম গতিতে ট্রেন চালাতে হয়। প্রকৌশল বিভাগের কর্মীরা নিয়মিত রেললাইন পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণের কাজ করছেন।

অন্যদিকে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) ফকির মো. মহিউদ্দীন বলেন, নতুন ইঞ্জিনের সংকট থাকায় পুরোনো ইঞ্জিন দিয়ে ট্রেন পরিচালনা করতে হচ্ছে। এসব ইঞ্জিন প্রত্যাশিত গতি ও সক্ষমতা দিতে পারছে না। তবে নতুন ইঞ্জিন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

সিলেটে গ্যাস সরবরাহ নিয়ে নতুন তথ্য, চার দিন বন্ধের খবর গুজব

সংশ্লিষ্টদের মতে, পুরোনো রেললাইন সংস্কার, আধুনিক ইঞ্জিন সরবরাহ এবং ডুয়েল গেজ প্রকল্পের কার্যকর বাস্তবায়ন ছাড়া লাউয়াছড়া রেলপথের দীর্ঘদিনের সমস্যা সমাধান কঠিন। দ্রুত পদক্ষেপ না নিলে যাত্রীদের দুর্ভোগের পাশাপাশি বড় দুর্ঘটনার ঝুঁকিও থেকে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।