৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত রামপাল-মোংলাসহ দক্ষিণাঞ্চলের মানুষ শান্তিতে বসবাস করছিল বলেছেন,পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। কিন্তু অতি উৎসাহী কিছু মানুষ নাশকতার পথ বেছে নিয়েছে। তারা ধরে নিয়েছে তাদের নেত্রী দেশে আসবে, তারা আবার ক্ষমতায় যাবে- এই ধরনের স্বপ্ন দেখছে। একবার যারা পালিয়ে যায় তারা আর কখনও জনগণের মাঝে আসতে পারে না।
বিএনপি কখনও পালিয়ে যায়নি।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শনিবার (২১ নভেম্বর) দুপুরে মোংলায় পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ১৭ বছর আমরা মাঠে ছিলাম, আন্দোলন-সংগ্রাম, শত নির্যাতন, গুম-খুন উপেক্ষা করে মাঠে-ময়দানে ছিলাম। আর এরা গোপনে বিমানযোগে ও হেলিকপ্টারযোগে ভারতে আশ্রয় নিয়েছে। নতুন করে তারা স্বপ্ন দেখছে, আবারও নাশকতা করছে। তারা গোপালগঞ্জে গত কয়েকদিন ধরে বিশৃঙ্খলা করেছে। তারা ভেবেছিল তাদের পাতা ফাঁদে বিএনপি পা দেবে।
বিএনপি কোনো রক্তপাত করেনি, বিএনপি সবাইকে চিহ্নিত করেছে এবং যারা দায়ী তাদেরকে ধারাবাহিকভাবে আইনের আওতায় আনা হবে।প্রতিমন্ত্রী বলেন, আমরা চাই কোনো মানুষ যেন আক্রান্ত না হয়। প্রত্যেকটা মানুষ শান্তিপ্রিয়, সবাই চায় শান্তিপ্রিয় ভাবে বসবাস করতে। সেজন্য বিএনপি কোনো সাংঘর্ষিক পরিস্থিতির দিকে যায়নি। এত উসকানিরর ভেতরেও তারা কিছু করতে পারেনি এবং আমরা কোনো লাশ তৈরি করিনি, যা করেছে ফ্যাসিস্টের দোসরেরাই করেছে। এই ফ্যাসিস্টেরা বারবার লাশের রাজনীতি করছে। এখানকার কিছু অতি উৎসাহী মানুষ আছে যারা গোপালগঞ্জে গিয়েছে, তাদেরকেও চিহ্নিত করা হয়েছে। তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না।শেখ ফরিদুল ইসলাম বলেন, তাদেরকে রাজনীতি করতে হলে আইনের মাধ্যমে বৈধতা নিয়ে এসে রাজনীতি করতে হবে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে।
বিএনপি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেনি। বিগত সরকারের সময় তাদেরকে নিষিদ্ধ করেছে তাদের নাশকতার আচরণের কারণে। বিএনপির কেউ যদি তাদেরকে সহযোগিতা করে তাদেরকেও ছাড় দেওয়া হবে না। ইতঃপূর্বে অনেক বিএনপি নেতা ফ্যাসিস্টদের সাথে আঁতাত করে রাজনীতি করেছে। সেই সুযোগ আর নতুন করে দেওয়া হবে না। সুবিধাবাদীর রাজনীতি শেষ। দলের যে দালাল, ধান্ধাবাজ ও বাটপার তাদেরকে প্রশ্রয় দেওয়া হবে না।তিনি আরও বলেন, আমি কর্মী ও জনবান্ধন মানুষ, আমি শান্তির পথে অবস্থান করি। আমি এই জনপদে রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। আমি কারো এক কাপ চাও খাই না, আমি পেট ভরার রাজনীতি করি না।
আমি আপনাদের খাদেম হিসেবে কাজ করতে চাই।এর আগে বেলা সাড়ে ১১টার দিকে প্রতিমন্ত্রীর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি পুরো পৌর শহর প্রদক্ষিণ করে। এতে স্থানীয় বিএনপির কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে প্রতিমন্ত্রীসহ বিএনপির হাজার হাজার নারী-পুরুষ বৃষ্টি ভিজে ফ্যাসিস্টদের প্রতিরোধের এই মিছিল ও সমাবেশে সমবেত হন।উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি।