রাইজিংসিলেট- শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শাহজাদপুর পৌরসভার দাবারিয়া মহল্লায় এ ঘটনা ঘটে। সিরাজগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক অন্তঃসত্ত্বা নারী (২৫)। এদিকে প্রেমিকা আসার খবরে বাড়ি থেকে পালিয়েছে জহুরুল ইসলাম (২৭) নামের ওই প্রেমিক।
জানা যায়, দাবারিয়া গ্রামের মওলা মোল্লার ছেলে জহুরুল ইসলাম ও ওই নারী পৌর সদরের স্থানীয় একটি কারখানায় কাজ করতেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক থেকে শারীরিক সম্পর্ক হয়। এতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এর আগে আট মাস আগে তিনি স্বামীকে তালাক দেন।
শুক্রবার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ওই নারী এলে জহুরুল উধাও হয়ে যান। বিষয়টি জানাজানি হলে জহুরুলের আত্মীয়-স্বজনরা তাকে বাড়ি থেকে বের করে দিয়ে ঘরে তালা লাগিয় দেয়। পরে রাস্তায় গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন প্রেমিকা।
ওই নারীর দাবি, একসঙ্গে কাজ করার সুবাদে ভালো লাগা থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুজনের মধ্যে দৈহিক সম্পর্কও হয়েছে। জহুরুলের কথা মতোই তিনি আট মাস আগে স্বামীকে তালাক দিয়েছেন। ওই ঘরে তার পাঁচ বছর বয়সী এক সন্তানও আছে। এখন বিয়ে করার ভয়ে জহুরুল বাড়ি থেকে পালিয়েছেন। জহুরুল যদি তাকে বিয়ে না করে তাহলে তিনি আত্মহত্যা করবেন।
এদিকে, অভিযুক্ত প্রেমিক জহুরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইলফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে শাহজাদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাব আলী বলেন, আমি বিষয়টি শুনেছি। তবে কোনও অভিযোগ এখনও পাইনি।