বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যুক্তরাজ্য শাখার অধীন লন্ডন সিটি যুবদলের আংশিক কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সিলেটের গোলাপগঞ্জের কৃতী সন্তান ও যুক্তরাজ্যপ্রবাসী খালেদ জামাল।
একই কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের কৃতী সন্তান কামরান হাসান রাজীব।
মঙ্গলবার (১৪ অক্টোবর) লন্ডন সিটি যুবদলের এ আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে স্বাক্ষর করেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী।কামরান হাসান রাজীব দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এর আগে তিনি লন্ডন সিটি যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দেশে থাকাকালে তিনি সিলেট ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয় ভাবে জড়িত ছিলেন।
দলীয় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে তিনি জেল-জুলুম, হামলা ও মামলার মতো প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করেও তিনি দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় রয়েছেন।
দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, শ্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় কামরান হাসান রাজীবের নিজ এলাকায় আনন্দের সৃষ্টি হয়েছে।
তাঁর এ অর্জনে স্থানীয় ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীসহ শুভাকাঙ্ক্ষীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।তাঁরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্ব পালনের মধ্য দিয়ে কামরান হাসান রাজীব লন্ডন সিটি যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবেন এবং ভবিষ্যতেও দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।