রাইজিংসিলেট- দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বৃষ্টিপাতের মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ (রোববার) সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি এবং অনেক স্থানে ভারী বর্ষণ হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকবে। এছাড়া ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই সময়ে দিনের তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন না এলেও মাঝামাঝি সময়ে সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রাও কিছুটা ওঠানামা করতে পারে।
সুপ্রাচীনকাল থেকে পুণ্যভূমি সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান-প্রবাসীকল্যাণমন্ত্রী
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এছাড়া খুলনার কয়রা, পটুয়াখালী, গোপালগঞ্জ, নোয়াখালীর মাইজদীকোর্ট, যশোর, সাতক্ষীরা ও বান্দরবানসহ বিভিন্ন এলাকায়ও বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।