সাত বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন।অভিযুক্ত প্রধান আসামি হবি সরদারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হবি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ওমেদ আলী সরদারপাড়া গ্রামের মৃত ওমেদ আলী সরদারের ছেলে।
গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, দৌলতদিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে বুধবার থানায় একটি ধর্ষণ মামলা রুজু হয়েছে। একমাত্র আসামি হবি সরদারকে গ্রেপ্তার করে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। এবং ভুক্তভোগী ওই শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষণের ঘটনাটি ঘটে দুদিন আগে। অভিযুক্ত হবি সরদার বাড়ি ফাঁকা পেয়ে ওই শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন।তখন বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে। পরে বুধবার সকালে স্থানীয়রা বসে সালিশের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেন।
কিন্তু খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার ও অভিযুক্ত হবিকে গ্রেপ্তার করে।