ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে নৌকাডুবির ঘটনায় ১৬ জনকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড (উপকূলরক্ষী বাহিনী)। তবে নৌকাটিতে থাকা আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে নৌকাটি ডুবে যাওয়ার খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু হয়।মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপকূল থেকে প্রায় ২২৫ কিলোমিটার পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে। নৌকাটি ডুবে যাচ্ছে জানিয়ে শুক্রবার রাত ১টার দিকে বিপৎসংকেত পাঠানো হয়।
খবর পাওয়ার প্রায় দুই ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী হেলিকপ্টার। এরপর উদ্ধারকর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সাগর থেকে ১৬ জনকে তুলে আনেন।যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তা সান্তিয়াগো তাম্বুরিনি জানান, উদ্ধারের আগে লোকজন একে অপরকে এবং নৌকার ভাঙা অংশ আঁকড়ে ধরে পানিতে ভেসে থাকার চেষ্টা করছিলেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের সবাই মেক্সিকোর নাগরিক বলে জানিয়েছে সান ডিয়েগোতে অবস্থিত মেক্সিকোর কনস্যুলেট।উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজনের হাঙরের কামড়ে আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া দুজনের অবস্থা আশঙ্কাজনক। কয়েকজনকে ঠান্ডায় আক্রান্ত হওয়ার চিকিৎসাও দেওয়া হয়েছে।উদ্ধার হওয়া ব্যক্তিদের হেলিকপ্টারে করে যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোতে নেওয়া হয়। পরে তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
সান ডিয়েগোর স্ক্রিপস মার্সি হাসপাতালে তিনজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে হাঙরের কামড়ে আহত হওয়ার আশঙ্কা থাকা ব্যক্তি এবং ঠান্ডায় আক্রান্ত দুজন রয়েছেন। আরও তিনজনকে স্ক্রিপস মেমোরিয়াল হাসপাতালে পরীক্ষা করার পর ছেড়ে দেওয়া হয়েছে।কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, নৌকাটিতে সর্বোচ্চ ২৭ জন ছিলেন। তাদের মধ্যে কেউ কেউ জীবনরক্ষাকারী জ্যাকেট পরেছিলেন। তবে নৌকাটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি; শুধু ভাঙা অংশ পাওয়া গেছে। এটি কী ধরনের নৌকা ছিল, কোথা থেকে এসেছিল কিংবা কোথায় যাচ্ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।নিখোঁজ ১১ জনের সন্ধানে যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনী যৌথভাবে অভিযান চালাচ্ছে। দুটি হেলিকপ্টার, একটি বিমান, একটি টহলজাহাজ এবং নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ দিয়ে সাগরের প্রায় ৩ হাজার ২০০ বর্গকিলোমিটার এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। মেক্সিকোর নৌবাহিনীও এনসেনাদা থেকে উদ্ধার অভিযান শুরু করেছে।যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তা রব টাকার বলেন, নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা যতক্ষণ থাকবে, ততক্ষণ তল্লাশি চালানো হবে।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় সাগরে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ১৮ দশমিক ৫ কিলোমিটার বেগে বাতাস বইছিল। ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় দেড় মিটার। পানির তাপমাত্রা ছিল প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের তাপমাত্রা ছিল প্রায় ২১ ডিগ্রি সেলসিয়াস।দুর্ঘটনাস্থলটি যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশীদের পাচারের জন্য ব্যবহৃত একটি সন্দেহভাজন সমুদ্রপথের কাছে। তবে ওই নৌকায় থাকা ব্যক্তিরা কী উদ্দেশ্যে সাগরে গিয়েছিলেন, তা এখনো স্পষ্ট নয়। ওই এলাকায় মাছ ধরার নৌকা ও বিনোদনের জন্য ব্যবহৃত নৌযানও চলাচল করে।যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তা তাম্বুরিনি বলেন, নৌকাটি পথ হারিয়েছিল, ইঞ্জিন বিকল হয়েছিল, স্রোতে ভেসে গিয়েছিল, নাকি পরিকল্পনা করেই এত দূরে গিয়েছিল—তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে স্থলসীমান্তের কঠোর নজরদারি এড়িয়ে সমুদ্রপথে যাওয়ার চেষ্টা বেড়েছে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ছোট নৌকায় করে রাতের আঁধারে বাজা ক্যালিফোর্নিয়া থেকে উত্তরের দিকে যাত্রা করেন অভিবাসনপ্রত্যাশীদের কেউ কেউ। এ পথে নৌকাডুবির একাধিক ঘটনাও ঘটেছে।২০২৫ সালের মে মাসে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের প্রায় ৫৬ কিলোমিটার উত্তরে একটি ছোট নৌকা উল্টে অন্তত তিনজনের মৃত্যু হয়। ২০২৩ সালে সান ডিয়েগোর উপকূলে ঘন কুয়াশার মধ্যে দুটি নৌকা তীরে পৌঁছানোর চেষ্টা করলে একটি উল্টে যায়। ওই ঘটনায় আটজন নিহত হন।এছাড়া ২০২২ সালে সান ডিয়েগোর এক বাসিন্দাকে ৩২ জন অভিবাসনপ্রত্যাশী বহনকারী অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা চালানোর দায়ে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়। প্রবল ঢেউয়ে নৌকাটি ভেঙে পড়লে তিনজন নিহত এবং দুই ডজনের বেশি মানুষ আহত হয়েছিলেন।সূত্র: এপি