দরবেশ সেজে সিএনজিচালিত অটোরিকশায় উঠে এক বৃদ্ধাকে অচেতন করে সাড়ে ৪ আনা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।রোববার (৪ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড়ের ঘরতাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হালিমা বেগম (৬০) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড উত্তর সোনাপাহাড় এলাকার বাসিন্দা।হালিমা বেগম জানান, সকালে অটোরিকশাযোগে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন তিনি। পথে চালক তাকে একা পেয়ে পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে নানা প্রশ্ন করতে থাকেন। একই সময়ে মুঠোফোনে অপর এক ব্যক্তির সঙ্গে কথা বলতেও দেখা যায় তাকে।
কিছুদূর যাওয়ার পর দক্ষিণ সোনাপাহাড়ের ঘরতাকিয়া এলাকা থেকে দরবেশের বেশে এক ব্যক্তি ওই অটোরিকশা ওঠেন। তিনি চালকের আগে করা প্রশ্নগুলোর সূত্র ধরে বৃদ্ধার সঙ্গে কথা বলতে থাকেন। একপর্যায়ে ওই ব্যক্তি ‘শয়তানের নিশ্বাস লাগানো’ করে একটি পাঁচ টাকার নোট তার নাকের কাছে ধরেন। এরপরই হালিমা বেগম অচেতন হয়ে পড়লে তার সঙ্গে থাকা প্রায় সাড়ে ৪ আনা স্বর্ণালংকার (যার বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা) খুলে নেন।
পরে তাকে মহাসড়কের মস্তাননগর নাহার এগ্রোর সামনে নামিয়ে দিয়ে চালক ও দরবেশ বেশধারী ব্যক্তি দ্রুত সেখান থেকে সটকে পড়েন।হালিমা বেগম জানান, জ্ঞান ফেরার পর তিনি বুঝতে পারেন তার স্বর্ণালংকার নেই। পরে তিনি মেয়ের বাড়িতে পৌঁছে বিষয়টি পরিবারের সদস্যদের জানান।এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।