রাইজিংসিলেট- মালয়েশিয়ায় কাজ করতে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হচ্ছে। এ জন্য সরকার অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত তারিখের আগে করা মেডিকেল পরীক্ষা গ্রহণ করা হবে না। এসব পরীক্ষার ভিত্তিতে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের কার্যক্রমও সম্পন্ন করা হবে না।
মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা শিগগিরই প্রকাশ করা হবে। তাই পরীক্ষা করানোর আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সরকারি অনুমোদন পেয়েছে কি না, তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সিলেট বিভাগের ৫১৬ জনের নাম-চোরাকারবারিদের বিশাল নেটওয়ার্ক
এদিকে, অনুমোদন ছাড়া মেডিকেল পরীক্ষা করানোর কথা বলে কিছু অসাধু ব্যক্তি ও রিক্রুটিং এজেন্সি কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা নেওয়ার চেষ্টা করছে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়। এ ধরনের প্রতারণা এড়াতে অনুমোদন নিশ্চিত না হয়ে কাউকে পাসপোর্ট বা অর্থ না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সরকারি নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ করা, রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী পাঠানোর কার্যক্রম স্থগিত করা এবং অনুমোদন বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
এ ছাড়া, অনুমোদনহীন মেডিকেল পরীক্ষা বা অনিয়মের তথ্য প্রমাণসহ [email protected] ঠিকানায় ইমেইল করে মন্ত্রণালয়কে জানানো যাবে।
সিলেটে চার লেনে হচ্ছে এয়ারপোর্ট রোড, চা-বাগানের ভেতর দিয়ে নতুন সড়কের পরিকল্পনা
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া স্বচ্ছ রাখা এবং কর্মীদের আর্থিক ক্ষতি ও প্রতারণা থেকে রক্ষা করতে সংশ্লিষ্ট সবাইকে সরকারি নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে।