রাইজিংসিলেট- জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জুলাই সনদ’ জাতির অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন। তবে সরকার এটি বাস্তবায়নে ব্যর্থ হয়ে জনগণের রায়ের প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছে। এ বিষয়ে জামায়াত কোনো আপস করবে না এবং ‘ছেড়ে কথা বলবে না’ বলেও তিনি মন্তব্য করেন।
শুক্রবার (৩ জুলাই) রাজধানীর মিরপুরে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল জোন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান দাবি করেন, সর্বশেষ নির্বাচনে জনগণ ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশায় ভোট দিয়েছিল। কিন্তু ‘আঁতাতের মাধ্যমে’ সেই গণরায় ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী সব পর্যায়ে নির্বাচনে অংশ নেবে। তাঁর ভাষায়, এটি সরকার গঠনের নয়, বরং উন্নয়নের নির্বাচন। উন্নয়নের অর্থ যেন জনগণের কল্যাণে ব্যবহৃত হয় এবং কোনো ধরনের অনিয়ম বা সুবিধাভোগের সুযোগ সৃষ্টি না হয় সেদিকে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সিলেটে ৩ মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ সম্বোধন, আলোচনায় কৃষি কর্মকর্তা
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ব্যক্তিগত বা আত্মীয়স্বজনের স্বার্থে কোনো ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করা যাবে না। প্রকৃত প্রয়োজন থাকলে দল নিজস্ব উদ্যোগে তা সমাধানের চেষ্টা করবে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে উন্নয়নের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান তিনি।