যৌন সম্পর্কের বিনিময়ে গ্রিনকার্ড পাইয়ে দেওয়ার প্রস্তাবের গুরুতর অভিযোগ।যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার (আইস) এক কর্মকর্তার বিরুদ্ধে লেবাননি নারীকে যৌন হয়রানি এবং যৌন সম্পর্কের বিনিময়ে গ্রিনকার্ড পাইয়ে দেওয়ার প্রস্তাবের গুরুতর অভিযোগ উঠেছে। একই সঙ্গে ওই নারীর স্বামীকে কারাদণ্ড দেওয়া এবং যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে।মার্কিন সাময়িকী নিউজউইকের ১৪ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। জানা গেছে, টেক্সাসের একটি অভিবাসন আটক কেন্দ্রে ঘটনাটি ঘটেছে। তবে অভিযোগগুলো অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ।
অভিযোগকারী ২১ বছর বয়সী লেবানিজ নারী রাহাফ আলি আলমেরহিজ, যিনি লুসি ওয়াইজ নামেও পরিচিত। তিনি নিজের পরিচয় প্রকাশে সম্মতি দিয়ে অভিযোগ করেছেন, আইসের বহিষ্কার কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তা মার্কেল ওয়ালেস তার অভিবাসন পরিস্থিতির সুযোগ নিয়ে যৌন হয়রানি করেন।অভিযোগ অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল মাসে ওই নারী যখন অভিবাসনসংক্রান্ত আইনি জটিলতার মধ্যে ছিলেন, তখন কর্মকর্তা ওয়ালেস মামলার বিষয়ে আলোচনার কথা বলে তাকে টেক্সাসের রেমন্ডভিল শহরের এল ভ্যালে আটক কেন্দ্রে ডেকে পাঠান।
পরে তাকে কেন্দ্রের ভেতরে একটি নির্জন কক্ষে নিয়ে যাওয়া হয়।ওই নারীর দাবি, কক্ষে নেওয়ার পর কর্মকর্তা তার সম্মতি ছাড়াই যৌন উদ্দেশ্যে শারীরিক স্পর্শ করেন এবং তাকে বিবস্ত্র করার চেষ্টা করেন। তিনি বারবার আপত্তি জানিয়ে থামতে বললেও কর্মকর্তা তার কথা শোনেননি বলে অভিযোগ করেছেন।সবচেয়ে গুরুতর অভিযোগ হলো, ওই কর্মকর্তা যৌন সম্পর্কের বিনিময়ে তাকে গ্রিনকার্ড পাইয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। প্রস্তাবে রাজি না হলে তার স্বামীকে কারাগারে পাঠানো এবং যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ওই কর্মকর্তার বক্তব্য ছিল, তিনিই একমাত্র ব্যক্তি, যিনি তার অভিবাসনসংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবেন।অভিযোগকারী নারীর ভাষ্য অনুযায়ী, সে সময় তিনি একজন আটক ব্যক্তি ছিলেন। অন্যদিকে অভিযুক্ত কর্মকর্তা তার অভিবাসন মামলা, মুক্তি এবং চিকিৎসাসংক্রান্ত বিষয়ে প্রভাব বিস্তারের ক্ষমতা রাখতেন। ফলে ক্ষমতার এই অসম অবস্থানের কারণে কর্মকর্তার নির্দেশ অমান্য করা কিংবা পরিস্থিতি থেকে বেরিয়ে আসা তার জন্য কঠিন হয়ে পড়েছিল। অভিযোগ রয়েছে, কর্মকর্তা নিজের সরকারি পদমর্যাদা ও ওই নারীর অনিশ্চিত অভিবাসন পরিস্থিতিকে কাজে লাগিয়ে তার ওপর চাপ সৃষ্টি করেন। এ সময় নিজের ব্যক্তিগত মুঠোফোন নম্বরও দেন তিনি।প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর বেশ কয়েক মাস বিষয়টি গোপন রেখেছিলেন ওই নারী।
ভয়, লজ্জা এবং দাম্পত্য সম্পর্কের ওপর সম্ভাব্য প্রভাবের আশঙ্কায় তিনি স্বামীকেও প্রথমে কিছু জানাননি। পরে আগস্টের শেষ দিকে স্ত্রীর এক বন্ধুর মাধ্যমে বিষয়টি জানতে পারেন তার স্বামী স্যাম ওয়াইজ।নিউজউইককে দেওয়া সাক্ষাৎকারে স্যাম ওয়াইজ বলেন, স্ত্রীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা তাকে গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। স্ত্রীকে রক্ষা করতে না পারার অপরাধবোধও তাকে কষ্ট দিচ্ছে। তবে এ ঘটনার জন্য তার স্ত্রী কোনোভাবেই দায়ী নন বলে উল্লেখ করেন তিনি। স্ত্রীর সাহসের প্রশংসা করে ভবিষ্যতেও তার পাশে থাকার কথা জানিয়েছেন স্যাম।প্রতিবেদন অনুযায়ী, রাহাফ আলি আলমেরহিজ যুক্তরাষ্ট্রের টেক্সাস এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয়ে নার্সিং বিষয়ে পড়াশোনা করছিলেন।
পাশাপাশি তিনি তার স্বামীর দাঁতের চিকিৎসাকেন্দ্রের ব্যবস্থাপনার দায়িত্বেও ছিলেন। তবে অভিবাসনসংক্রান্ত পরিস্থিতির কারণে তার যুক্তরাষ্ট্রে অবস্থান অনিশ্চিত হয়ে পড়ে।গত ১ মে স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগের অনুমতি পাওয়ার পর বর্তমানে তিনি মেক্সিকোতে বসবাস করছেন। অন্যদিকে তার স্বামী স্যাম ওয়াইজ এখনো টেক্সাসে অবস্থান করছেন এবং তিনি যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ডধারী।এদিকে অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের একজন মুখপাত্র নিউজউইককে জানিয়েছেন, এল ভ্যালে আটক কেন্দ্রে অসদাচরণের অভিযোগগুলো মিথ্যা। সংস্থাটি এ ধরনের অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবং অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের অভিবাসন আটক কেন্দ্রগুলোতে বন্দিদের নিরাপত্তা, সরকারি কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহার এবং অভিবাসনপ্রত্যাশীদের অধিকার নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে যেসব ব্যক্তি আইনি সহায়তা ছাড়া অভিবাসন মামলার মুখোমুখি হন, তাদের নিরাপত্তা ও অভিযোগ জানানোর সুযোগ কতটা কার্যকর—সেই বিষয়টিও আলোচনায় এসেছে।