রাইজিংসিলেট- শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। পাবনার ঈশ্বরদীতে পাগলা কুকুরের কামড়ে ১৫ শিশুসহ ২১ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সোহেল পারভেজ, সলিমপুর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন বাবলু মালিথা এ তথ্য নিশ্চিত করেছেন।
আহতরা হলো- উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা এলাকার সোহাগ হোসেনের ছেলে মোরসালিন (৪০), একই এলাকার সোহেলের ছেলে আদিয়ান (৩), সাহাপুর এলাকার মিন্টু মিয়ার ছেলে তানভির (৭), জয়নগর গ্রামের আকাল উদ্দিনের মেয়ে আনিকা খাতুন (৩), জয়নগর মাদরাসা এলাকার জামাত আলীর ছেলে মাহাদি হাসান (৯), মিরাজুল ইসলামের ছেলে আল আমিন (৩)।
আহত হওয়া বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সোহেল পারভেজ জানান, পাগলা কুকুরের কামড়ে আহত হয়ে ১৫ শিশুসহ প্রায় ২১ জন শুক্রবার সন্ধ্যার দিকে হাসপাতালে আসেন। তাদের প্রত্যেককে ওষুধ দেয়া হয়েছে। এর মধ্যে ৭ থেকে ১০ জনের নাম জরুরিভাবে নথিভুক্ত করা হয়েছে।
সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা বলেন, বেওয়ারিশ ও পাগলা কুকুরের উপদ্রব বেড়ে গেছে। কুকুরের কামড়ে একই এলাকার ১৫ শিশু ও ৬ জন বয়স্ক মানুষ আহত হয়েছেন। এই বিষয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা সাপেক্ষে পদক্ষেপ নেয়া হবে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ওই এলাকার বিট পুলিশ অফিসারের মাধ্যমে ২১ জনের আহত হওয়ার খবর জানতে পেরেছি। এদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে। এলাকায় পাগলা কুকুরদের উপদ্রব যাতে কমে যায় এজন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে।