রাইজিংসিলেট- সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় আগামী চার দিন গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে। কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মধ্যে একটি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত সামিটের এলএনজি টার্মিনালে রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে জাতীয় গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহের পরিমাণ ৯২০ মিলিয়ন ঘনফুট। টার্মিনালটির রক্ষণাবেক্ষণ চলাকালে সরবরাহ কমে দাঁড়াবে প্রায় ৬০০ মিলিয়ন ঘনফুটে।
এতে দেশের বিভিন্ন অঞ্চলে গ্রাহক পর্যায়ে গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে।
সিলেটে গ্যাস সরবরাহ নিয়ে নতুন তথ্য, চার দিন বন্ধের খবর গুজব
এ বিষয়ে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম জানিয়েছেন, রক্ষণাবেক্ষণ কাজের কারণে সাময়িকভাবে গ্যাসের চাপ কমে যাবে। তবে আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ করা হবে না।
মহেশখালীতে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্রক্রিয়াজাত করে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। এর মধ্যে একটি টার্মিনাল সাময়িকভাবে বন্ধ থাকায় সরবরাহে এই ঘাটতি তৈরি হবে।
সিলেটসহ বিভিন্ন এলাকায় চার দিন গ্যাসের চাপ কম থাকতে পারে
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ।
সূত্র: পেট্রোবাংলা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য।