সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের টেটিয়াচর বাজারে আগামী ২১ নভেম্বর নারী বাউল শিল্পিদের দিয়ে গানের আয়োজন বন্ধের দাবি জানিয়েছে মানবকল্যাণ ফাউন্ডেশন সহ এলাকার সচেতন মহল।
জানা যায় উপজেলার টেটিয়ারচর ফ্রেন্ডক্লাবের উদ্যোগে এ আয়োজনকে কেন্দ্র করে গত কয়েকদিন যাবত এলাকায় ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার-প্রচারণা চলছে।
এদিকে, গানের এ আয়োজন নিয়ে আপত্তি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সামাজিক সংগঠন মানবকল্যাণ ফাউন্ডেশন, চরমহল্লা ইউনিয়ন শাখা ও এলাকার সচেতন মহল।
সংগঠনটির দাবি, ইউনিয়নের অধিকাংশ মানুষ ধর্মীয় মূল্যবোধ ও স্থানীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল। এমন পরিস্থিতিতে এ ধরনের গানের আয়োজন এলাকার ধর্মীয় পরিবেশ, মাদ্রাসা ও শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এছাড়া এসব অনুষ্টানে জোয়া সহ মদ-গাজার আসর বসতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।
এ কারণে এলাকার ধর্মীয় অনুভূতি, সামাজিক সম্প্রীতি ও শালীনতার বিষয়টি বিবেচনায় নিয়ে আয়োজনটি বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য প্রশাসন, আলেম-ওলামা, শিক্ষিত সমাজ ও সচেতন তরুণদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
তারা কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না করে শান্তিপূর্ণ ও দায়িত্বশীলভাবে এলাকার মূল্যবোধ রক্ষার আহ্বান জানিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন পিপিএম জানান এধরনের আয়োজনে প্রশাসনের কোনো অনুমতি নেই, ইতিমধ্যে ওই এলাকায় দায়ীত্বরত ভিট অফিসারকে ঘটনাস্থলে পাটানো হয়েছে।