আজ শনিবার বেলা ২টার পর সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। সমাবেশের প্রাথমিক পর্যায়ে স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছেন।
এদিকে, সমাবেশস্থল নগরীর রেজিস্ট্রারি মাঠে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হয়েছেন। বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে তারা সমাবেশে যোগ দিচ্ছেন।
মিছিল ও সমাবেশে সরকারবিরোধী নানা স্লোগান দিতে দেখা যাচ্ছে নেতা-কর্মীদের।
‘আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে, বিরোধী দলের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তি এবং বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা’ দাবিতে এই সমাবেশ করছে বিএনপি।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এ ছাড়া জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারাও বক্তব্য রাখবেন। মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী সমাবেশে সভাপতিত্ব করছেন।