রাইজিংসিলেট- ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী বছরের পরীক্ষায় ভিন্ন ভিন্ন শিক্ষাবর্ষের কারণে তিন ধরনের সিলেবাসে প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।
বোর্ডের প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ২০২৭ সালের নির্ধারিত সিলেবাস অনুসরণ করে প্রশ্নপত্র তৈরি হবে। অন্যদিকে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য নির্ধারিত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশ নেবে।
ফরম পূরণের কার্যক্রম শুরু হবে আগামী ১৬ নভেম্বর থেকে। বিলম্ব ফি ছাড়া শিক্ষার্থীরা ২৩ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে পারবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৪ নভেম্বর।
এরপর ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণের সুযোগ থাকবে। বিলম্ব ফিসহ পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ সময় ৩০ নভেম্বর।
পরীক্ষার ফি
নিয়মিত পরীক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিভাগের মোট পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৩৫ টাকা। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের দিতে হবে ২ হাজার ৩১৫ টাকা।
বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে বোর্ড ফি ১ হাজার ৯২০ টাকা এবং কেন্দ্র ফি ৫১৫ টাকা। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের বোর্ড ফি ১ হাজার ৮৩০ টাকা এবং কেন্দ্র ফি ৪৮৫ টাকা।
শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না। অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড।
আমরা জুলাই যু দ্ধা সিলেট জেলা শাখার নেতৃবৃন্দের সুস্থতা কামনায় দরগাহ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল
টেস্ট পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ
এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষা শেষ করে আগামী ১৫ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া শিক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পরিশোধ করতে হবে। এসব ক্ষেত্রে সর্বোচ্চ ২৪ মাসের বেশি বেতন বা সেশন চার্জ আদায় করা যাবে না।
সিলেটে বাস-মোটরসাইকেল সং ঘ র্ষে নিহত ফরহাদ
বোর্ডের নির্দেশনায় নিয়মিত পরীক্ষার্থীদের পাশাপাশি জিপিএ উন্নয়ন, মানোন্নয়ন এবং পূর্বে অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণের নিয়মও উল্লেখ করা হয়েছে।
শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য যাচাই করে ফরম পূরণ এবং ফি জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।